ফ্যামিলি কার্ড : বছরে ব্যয় হবে ১২ হাজার ৭২ কোটি টাকা

পরীক্ষামূলকভাবে দেশের দুটি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ চালু হচ্ছে। বগুড়ার গাবতলী উপজেলা ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলায় এ প্রকল্পটি চালু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ১২ হাজার ৭২ কোটি টাকা প্রয়োজন হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে। সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ওয়াদা রক্ষায় সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসেবে দেশব্যাপী এ কর্মসূচি চালু হতে যাচ্ছে।
দেশের প্রায় ৫০ লাখ ফ্যামিলি কার্ডধারী পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি পরিবারকে মাসে ২০০০ টাকা করে দেওয়া হলে সরকারের প্রতিবছর অতিরিক্ত ১২ হাজার ৭২ কোটি টাকা ব্যয় হবে। কর্মসূচির সম্প্রসারণও হতে পারে। তবে সরকারের দেওয়া বিভিন্ন সামাজিক কর্মসূচির সুবিধাভোগীরা এ সুযোগ পাবেন না।
বগুড়ার গাবতলী উপজেলার ১৮ হাজার ৭৬০ জন নারীকে এবং দিনাজপুর জেলার ১৯ হাজার ১৮৫ জন দুস্থ নারীকে প্রথম পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে। এ ছাড়া আগামী ঈদের আগে ৮টি উপজেলাকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/আ.র