ভিভিআইপি মুভমেন্টে নিয়ে আইজিপিকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের সময় সড়কে সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন। এ তথ্য জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা হলো—তার যাতায়াতের কারণে কোনোভাবেই জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত করা যাবে না। ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন।
আইজিপি বলেন, আজ তার মুভমেন্টের কারণে কিছু সড়কে আগে থেকে বন্ধ ছিল যান চলাচল। পরে যেন এটি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য নির্দেশনা দিয়েছেন।
আজ বুধবার নতুন সরকারের প্রথম কর্মদিবস। এদিন ঢাকা মহানগরজুড়ে সড়কে সড়কে লক্ষ্য করা গেছে ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা। রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। শপথ গ্রহণের পর তিনি আজ জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পাশাপাশি রাজধানীর জিয়া উদ্যানে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন।
ভোরের আকাশ/এনএস