নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: শেখ রবিউল আলম

নারীদের জন্য নিরাপদ, স্বস্তিদায়ক ও যাত্রীবান্ধব পরিবহনব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, নারীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় বাস পরিচালনার মাধ্যমে যাত্রার আগে অপেক্ষার সময়, বাসে ওঠার পর এবং বাস থেকে নামার সময় নিরাপদ ও নারী–বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে পিংক বাস সার্ভিসের উদ্বোধন এর সময় তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, নারীরা রাষ্ট্রের জনসংখ্যার অর্ধেক। রাষ্ট্র বিনির্মাণে তাঁদের অবদান গুরুত্বপূর্ণ। পরিবারের অর্থনীতি ও পরিচালনায়ও নারীরা বড় ভূমিকা রাখছেন। তাঁদের যোগ্যতা রাষ্ট্রের প্রয়োজনে সম্পূর্ণভাবে কাজে লাগাতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে। এর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস। চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চলবে। আগামী দিনে এসব রুট আরও সম্প্রসারণ ও বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, ২০০টি ইভি বাস সরাসরি ক্রয়ের প্রক্রিয়ায় যাওয়া হয়েছে। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে রাখা হচ্ছে। গ্রিন ট্রান্সপোর্ট সার্ভিস প্রতিষ্ঠা এবং ফসিল ফুয়েলের ওপর নির্ভরতা কমাতে ইভি বাস গুরুত্বপূর্ণ। ঢাকায় মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে।
বিআরটিসির ব্যবস্থাপনা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, সংস্থাটির সেবাকে আরও মানসম্মত, যুগোপযোগী ও যাত্রীবান্ধব করতে হবে। ঢাকার অনেক রুটের অস্তিত্ব না থাকলেও রুট পারমিট রয়েছে। আবার অনেক রুটে পারমিট না থাকলেও বাস চলছে। যাত্রীদের চাহিদা ও চাপ বিবেচনায় নিয়ে রুট ও রুট পারমিট যৌক্তিক করে নতুনভাবে চিহ্নিত করা হবে।
নারী চালকদের প্রশংসা করে তিনি বলেন, ‘নারীরা পুরুষের চেয়ে কোনো অংশে কম পারে না এবং পারছে না।’ নারীরা ফাইটার প্লেন চালান, মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন ও খেতাব পেয়েছেন। নারীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব।
নতুন এই বাসসেবা যাতে অতীতের কোনো উদ্যোগের মতো মাঝপথে থেমে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আজ যে সেবা দেওয়া হচ্ছে, দুই মাস পর এর মান আরও বাড়াতে হবে। নারী যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে ও উৎসাহের সঙ্গে বাসে চলাচল করেন, সে অনুযায়ী ব্যবস্থাপনার উন্নতি করতে হবে।
তিনি বলেন, উদ্যোগটি টেকসই রাখা, সমৃদ্ধ করা ও সম্প্রসারণ করাই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। নারী যাত্রীদের জন্য চালু হওয়া বিশেষ বাসসেবা দিন দিন আরও প্রসারিত ও জনবান্ধব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটে চলবে ১০টি বাস। নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুটে এই সেবা পাওয়া যাবে। এছাড়া, গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও পিংক বাস চলবে।
ভোরের আকাশ/এনএস