সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সরকারি কর্মচারীদের মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতা নির্ধারণের বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত অর্থ বিভাগের (প্রবিধি-৩ শাখা) নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতনের শতকরা হার অনুযায়ী নির্ধারিত ভাতাগুলো ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাবহির্ভূত মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতা পেয়ে থাকেন, তাঁদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।
এতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মচারীদের প্রচলিত এসব ভাতা ২০২৬ সালের ৩০ জুন আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করতে হবে।
ভোরের আকাশ/আ.র