প্রথমবার ড্রোনে বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিল বিজিবি

বন্যাকবলিত দুর্গম এলাকায় প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করে শুকনা খাবার ও নগদ অর্থ পৌঁছে দিয়েছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। একই সঙ্গে বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ, রান্না করা খাবার সরবরাহ এবং গবাদিপশুর চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের কয়েকটি বন্যাকবলিত গ্রামে এ বিশেষ মানবিক কার্যক্রম পরিচালনা করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।
এ সময় প্রায় ৪০০ পরিবারের সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এছাড়া ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী এবং আরও ২০০ পরিবারের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন পশু বিশেষজ্ঞ চিকিৎসকরা।
কর্মসূচির সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ড্রোনের মাধ্যমে দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকে থাকা মানুষের কাছে শুকনা খাবার ও নগদ অর্থ পৌঁছে দেওয়া। বিজিবির মতে, এ প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে দুর্গম এলাকায় দ্রুত ও কার্যকরভাবে ত্রাণ পৌঁছে দিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বন্যাদুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে বিজিবি নিরলসভাবে কাজ করছে।
জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এতে দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভোরের আকাশ/এনএ