চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ৪৪৫

কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১৭টি থানার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৪৫ জনকে গ্রেপ্তার ও আটক করেছে জেলা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন স্থানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়। এ সময় ৩৫৪ জন কিশোরকে থানায় নেওয়া হয়। যাচাই শেষে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে বিশেষ অভিযানে ৪৪৫ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সন্তানরা কখন, কোথায় ও কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়ি ফিরছে কি না, সেদিকে নিয়মিত খোঁজ রাখতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়েও অভিভাবকদের নজরদারি করতে হবে। একই সঙ্গে তাদের মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখতে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ভোরের আকাশ/সু.পা