নতুন সরকারের শপথগ্রহণ মঙ্গলবার: বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠান উপলক্ষ্যে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হবে।
ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এবং লেকরোড এলাকায় যান চলাচল সীমিত থাকবে। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
যান চলাচল সীমিত থাকবে যেসব পথে
শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) হতে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে সাধারণ যানবাহন চলাচল নিয়ন্ত্রিত বা সীমিত রাখা হবে।
ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়ক
যান চলাচল নিয়ন্ত্রণের ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যানবাহনের প্রবাহ সচল রাখা হবে।
মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।
ধানমণ্ডি হতে ফার্মগেট
ধানমন্ডি-২৭ হতে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাতায়াত করবে।
আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং
আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড হতে ধানমণ্ডি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমণ্ডির দিকে গমন করবে।
মিরপুর রোড হতে ধানমণ্ডি
মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হতে সোজা ধানমণ্ডি ২৭-এর দিকে গমনাগমন করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংক্রান্ত নির্দেশনা
শপথ গ্রহণ চলাকালীন যানজট ও জনদুর্ভোগ এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে চালকদের এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
সব ধরনের যানবাহন চালকদের আগামীকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এবং সম্মানিত নাগরিকদের ভোগান্তি লাঘবে এই ট্রাফিক নির্দেশিকা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
ভোরের আকাশ/এসএইচ