মহান স্বাধীনতা দিবস আজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। গণহত্যা থেকে মুক্তির শপথ নেয়ার এই দিনে জাতি স্মরণ করবে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা। এই প্রাঙ্গণ, এই স্মৃতির মিনার, যেখানে প্রতিফলিত হচ্ছে জাতির সূর্য সন্তানদের ত্যাগ, সাহস আর ভালোবাসা। রাত পেরোলেই ফুলে ফুলে ছেয়ে যাবে শহিদদের প্রতি শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন, সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
এরইমধ্যে শেষ ধোয়া-মোছার কাজ। তুলির আঁচড়ে নতুন রূপে সেজেছে পুরো আঙ্গিনা। বাহারি রঙের ফুলে সাজানো পুরো চত্বর। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে তৈরি সেনাবাহিনীর সদস্যরা। মহড়ায় শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন নিজেদের। স্মৃতিসৌধের আশেপাশে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সে লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এ দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সবাইকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আমন্ত্রিত অতিথিদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করার পর তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
দিনটি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন। এছাড়াও কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সংগঠনের সর্ব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি।
সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। এবারের কুচকাওয়াজে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ বিমানবাহিনীর রোমাঞ্চকর ‘অ্যারোবেটিক শো’। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
ভোরের আকাশ/নি