জাতিসংঘের মানবাধিকার অফিস চালু নিয়ে সরকারের ব্যাখ্যা

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার মিশনের দপ্তর চালু করতে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুই পক্ষ। শনিবার (১৯ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সরকার ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) একটি তিন বছরের সমঝোতা স্মারক সই করেছে। এর আওতায় বাংলাদেশে একটি মিশন চালু করা হবে।
এতে আরও বলা হয়, কয়েকটি পক্ষ জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আইডিওলজিক্যাল ওরিয়েন্টেশন (আদর্শিক দৃষ্টিভঙ্গি) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমাদের নাগরিকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া গেছে যে, যে কোনো আন্তর্জাতিক অংশীদারত্বের ক্ষেত্রে দেশের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।
যদি কখনো মনে হয়, এই অংশীদারত্ব আর জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে সরকার চুক্তি থেকে বের হয়ে আসার অধিকার রাখে বলেও প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ