বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জহির উদ্দিন স্বপনের

সিপাহি-জনতার ঐতিহাসিক সংহতির চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন, এমপি। তিনি বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছিল। বর্তমান সময়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রেও এ দিনের চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৫ নভেম্বর সকালে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর কোনো একক গোষ্ঠীর ঘটনা ছিল না। এটি ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ঐক্যের বহিঃপ্রকাশ। এ ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও উৎপাদনমুখী রাজনীতির পথ উন্মুক্ত হয়েছিল।
প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীরা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমান সরকারের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা ও রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান জহির উদ্দিন স্বপন।
নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের আইনবিষয়ক কমিটির সভাপতি ব্যারিস্টার নওশাদ জমির, এমপি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও সাংবিধানিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় সংহতি বজায় রাখার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই বর্তমান সময়ের প্রধান দাবি।
সঞ্চিতা হক তাঁর বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন। অন্যদিকে, গোলাম মোর্তজা মুক্ত গণমাধ্যম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি ও প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান।
আলোচনা সভার শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ