নতুন পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি

২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ কার্যক্রম শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এবার শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়মতো বই পৌঁছে দিতে এবং সময় সাশ্রয় করতে অনলাইন পদ্ধতিতে চালান অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি এনসিটিবির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত একটি স্মারকে এ বিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। স্মারকে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি, দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
স্মারকে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান থেকে বই গ্রহণ এবং দ্রুততম সময়ে অনলাইনে চালানের অনুমোদন দেওয়া। এছাড়া, সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পাঠ্যপুস্তক সরবরাহ ও গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রত্যেক জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম, মোবাইলনম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করতে হবে। অনলাইন চালান ব্যবস্থাপনার জন্য জেলা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের https://nctb.ihealthscreen.org
ওয়েবসাইটে প্রবেশ করে ‘Chalan Management’ সেকশনে বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পাঠ্যপুস্তকের চালানের অনুমোদন দিতে হবে।
ভোরের আকাশ/তা.কা