জুলাইয়ে ৯ হাজার মামলা নিষ্পত্তি করেছে ডিএমপি, ৬ হাজারের বেশি কারাদণ্ড

রাজধানীতে গত জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা এবং ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময় ফৌজদারি মামলায় ৬ হাজার ৮৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এসব মামলায় অর্থদণ্ড হিসেবে আদায় করা হয়েছে ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা।
সোমবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক।
তিনি জানান, জুলাই মাসে রাজধানীর মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মোট ৫ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় গ্রেপ্তার আসামির সংখ্যা ছিল ১০ হাজার ৪৩৭ জন।
মোহাম্মদ আতাউল হক বলেন, নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে ৬ হাজার ৮৬১ জন আসামিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অর্থদণ্ড হিসেবে ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা এবং নিলাম ও বাজেয়াপ্ত বাবদ ২ লাখ ৫৮ হাজার ২৩০ টাকা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জুলাই মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৩৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় জুলাই মাসে ১ হাজার ৩৪০টি মামলা করা হয়েছে। একই সময়ে মোট ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করে ৮ লাখ ২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডিএমপির আইন কর্মকর্তা বলেন, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের দ্রুত বিচার কার্যক্রমের কারণে বিচার ব্যবস্থার প্রতি নগরবাসীর আস্থা বাড়ছে। একই সঙ্গে অপরাধীদের মধ্যে আইনের প্রতি ভীতি তৈরি হচ্ছে, যা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখছে।
ভোরের আকাশ/সু.পা