কৃষি নিয়ে সব আলোচনার কেন্দ্রে কৃষককে রাখতে হবে: জহির উদ্দিন স্বপন

কৃষি খাতের উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার—সব ক্ষেত্রেই কৃষককে আলোচনার কেন্দ্রে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে কৃষকের উৎপাদিত পণ্যের বাজার নিরাপত্তা, ন্যায্যমূল্য ও ন্যায্য মুনাফা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘কৃষি ইকোসিস্টেমের উন্নয়ন: ব্লকচেইনের মাধ্যমে সংযোগ, অর্থায়ন ও সহজীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পাবার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড বন্টন ও কৃষিঋণ মওকুফ করে ঐ বার্তাই দিয়েছেন।
তিনি বলেন, আধুনিক কৃষি ব্যবসার বিভিন্ন স্তরে যুক্ত মধ্যস্বত্বভোগী ও অন্যান্য অংশীজনের সমস্যা নিয়ে যেভাবে আলোচনা হয়, মূল উৎপাদক কৃষকের সমস্যা নিয়ে সেভাবে কথা হয় না। অথচ কৃষি ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলেন কৃষক। তাই কৃষি খাতের যেকোনো পরিকল্পনা ও নীতিনির্ধারণে তাঁদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তির যতই অগ্রগতি হোক না কেন, মানুষের খাদ্যগ্রহণের অপরিহার্যতার কারণে কৃষির ওপর নির্ভরতা থাকবেই। দেশের প্রায় ৪২ থেকে ৪৫ শতাংশ মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল। অথচ সমাজে অনেক ক্ষেত্রেই কৃষি পেশাকে অবহেলার চোখে দেখা হয়। কৃষি ও কৃষকের কৌশলগত গুরুত্ব যথাযথভাবে মূল্যায়ন না করলে এ খাত নিয়ে কোনো আলোচনাই পূর্ণাঙ্গ হবে না।
কৃষিবান্ধব সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কৃষি ও কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ প্রবর্তনসহ কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। দেশের অর্থনীতি ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি টেকসই রাখতে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত।
কৃষি খাতের দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সুফল যেন সরাসরি কৃষকের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যের বাজার নিরাপত্তা, ন্যায্য মুনাফা এবং পচনশীল পণ্য সংরক্ষণের জন্য আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের মাধ্যমে কৃষক যাতে প্রতারিত না হন, সে জন্য কার্যকর ও কাঠামোগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্বব্যাপী কৃষি খাতে ভর্তুকিনির্ভরতার প্রসঙ্গ তুলে ধরে জহির উদ্দিন স্বপন এ খাতের জন্য দীর্ঘমেয়াদি, টেকসই ও লাভজনক সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন।
সেমিনারে বক্তারা কৃষি খাতে স্বচ্ছতা ও অর্থায়ন বাড়ানোর পাশাপাশি ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং ইনোভেটেক প্যানেল-১ (বাজার সংযোগ) প্রকল্পের পরিচালক ক্রিস্টিনা ওলসেন।
এছাড়া সেমিনারে বক্তব্য দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম. শাইফুর রহমান মজুমদার ও জেনারেল ম্যানেজার শাহজাহান শেখ, ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) কান্ট্রি হাব ম্যানেজার আলী এম. খান এবং ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লাসহ অন্যরা।
ভোরের আকাশ/জেআ