বিশ্বকাপ প্রশ্নে প্রধানমন্ত্রীর হাস্যরসাত্মক উত্তর

ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। রাস্তাঘাটে, চায়ের দোকানের আড্ডায় কিংবা কর্মস্থলে এখন সর্বত্রই চলছে বিশ্বকাপ নিয়ে আলোচনা। বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে জমে উঠেছে তুমুল কথার লড়াই। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছেলে-বুড়োসহ সব বয়সের মানুষই এখন যুক্ত হচ্ছেন এই ফুটবল উন্মাদনায়।
বিশ্বকাপ উন্মাদনার এই সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে কোন দল সমর্থন করেন, তা নিয়েও সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। তেমনই এক কৌতুহলী প্রশ্ন রাখা হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।
বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন—সাংবাদিকদের এমন প্রশ্নে প্রধানমন্ত্রী সরাসরি কোনো দলের নাম বলেননি। সরকারপ্রধানের উত্তরটি ছিল এরকম—‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম।’
প্রদানমন্ত্রীর এমন উত্তরে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছে তিনি হয়তো বিশ্বকাপে ইংল্যান্ড দলকে সমর্থন করছেন। কারণ, তিনি দীর্ঘদিন লন্ডনে প্রবাস জীবন অতিবাহিত করেছেন। মাত্র কয়েক মাস আগেই তিনি দেশে ফেরেন।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন—এমন প্রশ্নের মুখে পড়েন তিনি।
ভোরের আকাশ/জেআ