শিক্ষা খাতে শৃঙ্খলা ও নিরাপত্তায় ৫ দফা নির্দেশনা

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিশেষ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রতিটি প্রতিষ্ঠানে ছাত্র ও ছাত্রীদের পৃথক দল গঠন, নিয়মিত অনুশীলন ও সুষ্ঠু প্রস্তুতি নিশ্চিত করতে এসব আদেশ জারি করা হয়।
সোমবার (২০ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে জানানো হয়, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন। একই দিন ও একই সময়ে সারাদেশে একযোগে টুর্নামেন্টের মূল খেলাগুলো শুরু হবে। এতে সারাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য ৫ নির্দেশনা: ১. দল গঠন: শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার বিচারে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করা। ২. অনুশীলন: অভিজ্ঞ শিক্ষক কিংবা পেশাদার প্রশিক্ষকের সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করা। ৩. আন্তঃশ্রেণি প্রতিযোগিতা: দক্ষ খেলোয়াড় নির্বাচন ও খেলাধুলার প্রতি উদ্দীপনা বাড়াতে শ্রেণিভিত্তিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা। ৪. মূল্যবোধ বিকাশ: খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। ৫. প্রস্তুতি: টুর্নামেন্ট সম্পর্কিত পরবর্তী নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন রাখা।
এ ছাড়া টুর্নামেন্টটি উৎসবমুখর ও সফল করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
ভোরের আকাশ/জেআ