ইউএনসিটিএডির মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিটিএডি) মহাসচিব রেবেকা গ্রিনস্প্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (১৬ মার্চ) নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে তারা সাক্ষাৎ করেন। বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
তারা উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যে সংঘাত বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং জ্বালানি বাজারে অস্থিরতা উন্নয়নশীল দেশগুলোকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে, বিশেষ করে সবচেয়ে দরিদ্র দেশগুলো।
তারা সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দ্রুত কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রিনস্প্যান বর্তমানে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে প্রার্থী। বৈঠকে তারা নিজেদের প্রার্থিতা সম্পর্কেও আলোচনা করেন।
এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ