ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি।
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।
দায়িত্ব হস্তান্তর উপলক্ষে অধিদপ্তরে বিদায়ী দরবার ও অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বিদায়ী মহাপরিচালক তাঁর বক্তব্যে দায়িত্ব পালনকালে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সদর দপ্তর ত্যাগ করেন।
অন্যদিকে, দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত মহাপরিচালক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, মহাপরিচালক হিসেবে দুই বছর ১০ দিন দায়িত্ব পালনের পর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।
ভোরের আকাশ/এনএস