সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনসহ একাধিক সুপারিশ

জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে ভবনের সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনা, অপচয়ের জন্য দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া এবং বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভায় এসব সুপারিশ করা হয়।
কমিটির আহ্বায়ক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজএবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এতে সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি, ভবনের বিভিন্ন স্থানে বায়ু চলাচলের অবস্থা এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা। এ ছাড়া ডিপিডিসির মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়।
সভায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সংসদ ভবন এলাকায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের অপচয় রোধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিশ্চিত এবং কেউ অপচয় করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের শাখা এবং আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের বিষয়টিও সভায় গুরুত্ব পায়। এ জন্য এসব স্থাপনায় সাব-মিটার অথবা প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া সংসদ ভবন এলাকার মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার বিষয়েও সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্য সময়ে নামাজের আধা ঘণ্টা আগে এসি চালুর সুপারিশ করা হয়।
ভোরের আকাশ/ এনউব