মজুরি বৃদ্ধির আন্দোলনে সাভার-গাজীপুরে কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রভাবে সাভার, আশুলিয়া ও গাজীপুরের অর্ধশতাধিক পোশাক কারখানা এখনো বন্ধ রয়েছে। শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এতে কাজে যোগ দিতে চাইলেও অনেক শ্রমিক কারখানায় প্রবেশ করতে পারছেন না।
রোববার (১৫ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরের শ্রমিক ও কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
গত ১১, ১২ ও ১৩ নভেম্বর এসব এলাকার যেসব কারখানা মালিকপক্ষ বন্ধ ঘোষণা করেছিল, সেগুলোর বেশির ভাগই এখনো চালু হয়নি। তবে তৈরি পোশাকশিল্পের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ চলছে। শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে মজুরি বোর্ড গঠন করা হলেও সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় অসন্তোষ পুরোপুরি কাটেনি।
এরই মধ্যে শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, বেতন নেই’ নীতিতে ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এর আগে বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রমিকরা কাজে যোগ না দিলে ১৪৭টি কারখানা বন্ধ থাকতে পারে।
সাভারে বন্ধ থাকা একটি কারখানার শ্রমিক রাফিজুল বাংলানিউজকে বলেন, বেতন বাড়ানোর বিষয়ে মজুরি বোর্ড কাজ করছে। এখন তারা কাজে ফিরতে চান। ১৩(১) ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা বেতন পাবেন না। তাই যারা কাজ করতে চান, তাদের কাজের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
সাভার ও আশুলিয়ায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম, এনভয় কমপ্লেক্স, তাহারাত কম্পোজিট, জিহান লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট, লুসাকা গ্রুপ, জিহান ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অরুণিমা গ্রুপ, লাইভ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, কানিজ ফ্যাশন লিমিটেড, এম এম নিটওয়্যার, এএলএফ অ্যাপারেল, এআর জেন্স লিমিটেড, রেডিয়ান নিটওয়্যার লিমিটেড, মাহিম নিটওয়্যার, আইরিস ফ্যাশন, ন্যাচারাল ডেনিম, এস ২১ লিমিটেড ও কন্টিনেন্টাল লিমিটেড। এসব কারখানার ফটকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধের নোটিশ টানানো হয়েছে।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।
কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের পোশাকশ্রমিক তুহিন শেখ ও এরশাদ বলেন, তারা প্রতিদিন কাজের আশায় কারখানায় আসেন। কাজ না করলে বেতন পাবেন না। তাই তারা কারখানায় উৎপাদন কার্যক্রম চালুর দাবি জানান।
তাদের ভাষ্য, বেতন বৃদ্ধির দাবিতে সবাই আন্দোলন করেছেন। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে এবং এ বিষয়ে বোর্ডও গঠন করা হয়েছে। এখন তারা কাজে ফিরতে চান।
এদিকে, গাজীপুরের কোনাবাড়ীসহ বিভিন্ন শিল্প এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেলেও কিছুক্ষণ পর তারা আবার বেরিয়ে যান। তাদের কেউ সড়কে অবস্থান করেন, আবার কেউ বাসায় ফিরে যান। রোববারও এসব কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।
ভোরের আকাশ/জেআ