১২ দাবিতে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকেরা নতুন সরকারি বিধিমালার বিধিনিষেধের প্রতিবাদে এবং ১২ দফা দাবিতে বড় ধরনের বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন ব্যাটারিচালিত রিকশাচালকরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব এলাকা থেকে পল্টন মোড় প্রদক্ষিণ করে আবারো প্রেসক্লাবের সামনে ফিরে আসেন।
বিক্ষোভে অংশ নেওয়া অটোরিকশাচালক আবদুল কাদের বলেন, ব্যাটারিচালিত রিকশা আমাদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম। কিন্তু প্রস্তাবিত নীতিমালা ও বিভিন্ন বিধিনিষেধের কারণে আমরা জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছি। অনেক চালক স্বল্প পুঁজি ও ঋণ নিয়ে রিকশা কিনে জীবিকা নির্বাহ করছেন। নতুন নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আর্থিক সামর্থ্য ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, রিকশা চলাচল নিয়ন্ত্রণের নামে শ্রমিকদের হয়রানি, চাঁদাবাজি ও নির্যাতন বন্ধ করতে হবে। পাশাপাশি চালকদের জন্য সহজ শর্তে লাইসেন্স, যৌক্তিক রুট পারমিট এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে আমাদের জীবিকা হুমকির মুখে পড়বে।
বিক্ষোভকারীদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে: ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬-এর শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি ক্ষতিগ্রস্তকারী ধারা সংশোধন এবং সারা দেশের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন। বিআরটিএকে ই-রিকশা সংক্রান্ত কর্তৃপক্ষ ঘোষণা, দেশের সড়ক উপযোগী নকশায় রিকশার আধুনিকায়ন এবং বিআরটিএর মাধ্যমে লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদান।
এছাড়া চালকের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ, নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা করা, বিদ্যমান রিকশার কাঠামো পরিবর্তনে অন্তত দুই বছর সময় দেওয়া এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- শ্রমিকদের ওপর নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ; বৈদ্যুতিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন না করা এবং বিচ্ছিন্ন সংযোগ পুনঃস্থাপন; শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নীতিমালা সংশোধন ও সড়ক ব্যবস্থাপনা কমিটি গঠন; সড়কে লেন পদ্ধতি চালু, সার্ভিস লেন, যানবাহনের স্ট্যান্ড ও চার্জিং স্টেশন নির্মাণ।
পাশাপাশি ব্যাটারিচালিত যানবাহন সংক্রান্ত রিট দ্রুত নিষ্পত্তি, শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ‘জীবিকা সুরক্ষা আইন’ প্রণয়ন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা।
এছাড়া বর্তমানে সচল গ্যারেজগুলোকে নতুন শর্ত ছাড়াই ট্রেড লাইসেন্স প্রদান, সরকারি ব্যাংক থেকে বিনা জামানতে স্বল্প সুদে ঋণ, শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু, রিকশার যন্ত্রাংশ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বিদ্যুৎ, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমানোর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে ব্যাটারিচালিত যানবাহনে বিনিয়োগ করা শ্রমিকদের পুঁজি সুরক্ষা এবং পর্যায়ক্রমে প্যাডেলচালিত বাহনের অমানবিক শ্রম থেকে মানুষকে মুক্ত করার আহ্বান জানান তারা।
এদিকে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভকারীদের ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় রয়েছে। রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, বিশৃঙ্খলা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা সতর্ক দৃষ্টি রাখছি তাদের ওপর।
ভোরের আকাশ/আ.র