২৯৫ ওষুধ বিক্রি হবে সরকার নির্ধারিত দামে

দেশের বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয়, সাশ্রয়ী এবং মানসম্পন্ন ২৯৫টি ওষুধ জাতীয় অত্যাবশ্যকীয় তালিকাভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য দেন।
তিনি বলেন, অত্যাবশীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে। তালিকায় থাকা এসব ওষুধ দেশের ৮০ শতাংশ মানুষের প্রাথমিক চাহিদা মেটাবে এবং এসব ওষুধ দেশের মানুষের ৮০ শতাংশ রোগ নিরাময়ের ক্ষেত্রেও প্রযোজ্য।
তালিকাভুক্ত ওষুধের মধ্যে ক্যানসার বা ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের ওষুধ ও বিভিন্ন ধরনের সংক্রামক রোগের ওষুধও আছে। তিনি বলেন, সবকিছু আন্তর্জাতিকভাবে স্বীকৃত রীতিনীতি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই করা হয়েছে।
আজকের উপদেষ্টা পরিষদের সভায় ওষুধের তালিকা অনুমোদন ও মূল্যের চূড়ান্ত তালিকা নীতিগত অনুমোদন করা হয়েছে। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/নি. ব