ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি

ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলের পানি নিরাপত্তা ও পরিবেশ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের বিরোধীদল ।
সময়মতো ন্যায্য ও টেকসই পানি বণ্টনব্যবস্থা নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সংকট দেখা দিতে পারে। ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস এবং লবণাক্ততা বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছে বিরোধীদল।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ বিষয়ে জরুরি আলোচনার জন্য আনীত একটি প্রস্তাবনায় এ আশঙ্কার কথা তুলে ধরেন বিরোধীদলের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। তিনি কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার কাছে এ নোটিশ জমা দেন।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রেক্ষাপটে উদ্ভূত সম্ভাব্য পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলে ধরতে সংসদে আলোচনা চাইছে জাতীয় সংসদের বিরোধীদল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
প্রস্তাবিত নোটিশে আরও উল্লেখ করা হয়, এই চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সময়মতো ন্যায্য ও টেকসই পানি বণ্টনব্যবস্থা নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সংকট দেখা দিতে পারে। বিশেষ করে এর প্রভাবে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হওয়া, কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকা সংকটাপন্ন হওয়া, গড়াই নদীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শাখানদীগুলোর নাব্যতা হ্রাস পাওয়া, সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্য ধ্বংস হওয়া এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন এবং অববাহিকাভিত্তিক সুষম ব্যবহারের নীতির আলোকে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা আরও জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে দীর্ঘমেয়াদি পানিসম্পদ ব্যবস্থাপনা, যেমন-গঙ্গা ব্যারাজ প্রকল্প বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিংবা বিকল্প জলাধার নির্মাণের মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষিত করাকে বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি হিসেবে অভিহিত করা হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে কার্যকর ও ফলপ্রসূ আলোচনা, চুক্তি নবায়ন কিংবা নতুন ন্যায্য পানি বণ্টন চুক্তি সম্পাদন এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকারের জরুরি ও সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ অপরিহার্য বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব