শাহজালাল বিমানবন্দরে নারী ছিনতাইকারীর কবলে প্রবাসী, আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীর কাছ থেকে স্মার্টফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় পাখি (২২) নামের এক নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে আনসার বাহিনী।
শুক্রবার রাত ২টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির সহকারী পরিচালক (গণসংযোগ কর্মকর্তা) নাজমুস সাকিব।
শনিবার বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব থেকে আসা প্রবাসী সুমন মিয়া বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় নিজের মালামাল রেখে ডলার ভাঙানোর জন্য ভেতরে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এলে তার কাছে সাহায্য চান তিন নারী।
আনসার বাহিনী বলছে, সুমন মিয়া সহায়তা করতে অস্বীকৃতি জানালে ওই নারীদের একজন কৌশলে তার পকেট থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। অপরজন হাত থেকে স্মার্টফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে ক্যানোপি-২ এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী ইনচার্জ এপিসি মতিয়ার রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ওই এলাকার ইনচার্জ পিসি মো. আনিছের নেতৃত্বে একটি দল চক্রের সদস্য পাখিকে (২২) হাতেনাতে আটক করে।
তার কাছ থেকে প্রবাসীর স্মার্টফোনটি উদ্ধার করা সম্ভব হলেও অপর দুই নারী নগদ টাকা নিয়ে পালিয়ে যান। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলেছে।
ভোরের আকাশ/আ.র