ডিবি হেফাজতে শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে তিনি জানান, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এখন ডিবি হেফাজতে রয়েছেন।
তিনি বলেন, ‘তার বিরুদ্ধে কী কী মামলা রয়েছে সেই তথ্য সংগ্রহ করছি। পরে বিস্তারিত জানানো হবে।’
রংপুরে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গনেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন শিরীন শারমিন।
ভোরের আকাশ/আ.র