আফতানগর-বনশ্রী যোগাযোগে ৩ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

রাজধানীর বনশ্রী-আফতাবনগর অঞ্চলের বাসিন্দাদের যাতায়াত সহজ করার লক্ষ্যে নড়াই নদীর (রামপুরা খাল) ওপর পৃথক তিনটি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় আফতাবনগরের লেকভিউ রোডে সেতুগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন আফতাবনগর, বনশ্রী ও রামপুরা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দুই পাশের আবাসিক এলাকাগুলো পরিকল্পিত হলেও মাঝখানে নড়াই নদী যেন হয়ে দাঁড়িয়েছিল এক অনতিক্রম্য বাধা।
এই নদীটির উপর এখন পর্যন্ত কোনো পাকা সেতু না থাকায়, দুই পাশের মানুষের ৬–৭ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো, যা সময় ও ভোগান্তি দুটোই বাড়িয়ে দিত। বাসিন্দারা নিজেদের প্রয়োজনেই তৈরি করেছিলেন একাধিক বাঁশের সাঁকো। তবে সময়ের ব্যবধানে সেগুলো এখন নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থদের চলাচলে প্রায়ই ঘটছিল দুর্ঘটনা। এই প্রেক্ষাপটেই ডিএনসিসি উদ্যোগ নেয় তিনটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, নির্মাণাধীন সেতুগুলোর মধ্যে দুটি হবে যানবাহন চলাচলের উপযোগী এবং একটি শুধু পথচারীদের জন্য। সেতুগুলোর নামকরণ করা হবে নড়াই সেতু নামে, যা ঐতিহাসিকভাবে খাল নয় বরং নদী হিসেবে পরিচিত।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এই নদী এক সময় প্রবাহমান ছিল। বিভিন্ন সময়ে দখল-দূষণের ফলে এটি মৃতপ্রায় খালে রূপ নিয়েছে। আমরা চাই এটিকে আবার জীবন দিতে। সেতু নির্মাণ শুধু যোগাযোগের উন্নয়ন নয়, এটি একটি নদীকে পুনরুদ্ধারের অংশ।
তিনি আরও জানান, সেতু নির্মাণ ছাড়াও ডিএনসিসি ভবিষ্যতে এই নদীপথ ব্যবহার করে নৌযান চালুর সম্ভাবনাও বিবেচনা করছে।
ভোরের আকাশ/এসএইচ