পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের ‘অনানুষ্ঠানিক’ বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাস। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এ সাক্ষাৎ হয়। পরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক আলোচনা।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পিটার হাস বাংলাদেশের পুরোনো বন্ধু। তিনি এখন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘উনি বেসরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করেন। তো এখানে আসছিলেন। মানে, ইনফরমাল মিটিং, আমাদের ইনফরমাল ডিসকাশন, কথাবার্তা। মানে, বাংলাদেশের প্রাইভেট সেক্টর নিয়ে আলাপ হয়েছে।’
বৈঠকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দণ্ডিত আসামিদের বিষয়ে আলোচনা হয়েছে কি না, সাংবাদিকেরা জানতে চান। তবে এসব প্রশ্নের সরাসরি জবাব দেননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, পিটার হাস বেশ কিছুদিন আগেই রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়েছেন। এরপর তিনি এসেছিলেন। তাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক ও আলোচনা হয়েছে।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রতিবেশী দেশের অনুরোধ বা কোনো শর্ত বাংলাদেশ কতটা বিবেচনায় নেবে, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে, তা যা-ই হোক না কেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর ঢাকায় আসেন পিটার হাস। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের মধ্যে তাঁর দায়িত্ব পালন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। বিশেষ করে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে তার বিভিন্ন তৎপরতা আলোচনায় আসে।
কূটনৈতিক পেশা থেকে অবসরে যাওয়ার এক বছর পর ২০২৫ সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন পিটার হাস। বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসা রয়েছে। সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে সম্পৃক্ত করার যে উদ্যোগ সরকার নিয়েছে, সেখানে এক্সিলারেট এনার্জিকেও প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভোরের আকাশ/এনএস