বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা
জাপান কনসোর্টিয়ামকে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার: বিমানমন্ত্রী

দেশের প্রধান বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের একটি কনসোর্টিয়ামকে দায়িত্ব দেওয়ার বিষয়ে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
আফরোজা খানম রিতা বলেন, চলতি বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালু হবে। ওপেন টেন্ডারের প্রয়োজন নেই। তবে আরও আলোচনার পরই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দুপক্ষের আলোচনা আরও চলবে।
২০২৩ সালের অক্টোবরে আংশিক উদ্বোধন পরের বছরই সম্পূর্ণভাবে চালু হওয়ার কথা ছিল দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। কিন্তু অপারেটর নিয়োগ ব্যর্থতায় প্রায় তিন বছর ধরে অবহেলায় পরে আছে ২২ হাজার কোটি টাকার প্রকল্পটি।
১৫ বছরের জন্য টার্মিনালটি জাপানের পরিচালনা করার কথা ধাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আলোচনা ভেস্তে যায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে ফের জাপানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। আগামী সোমবার (৬ এপ্রিল) থার্ড টার্মিনাল নিয়ে ফের দুপক্ষের বৈঠক করার কথা রয়েছে।