মানুষের কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার: ববি হাজ্জাজ

জনগণের দুর্ভোগ কমানো ও নাগরিক জীবন আরও সুন্দর ও গোছানো করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাস ধরে জনদুর্ভোগ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর বছিলা উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসির প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় প্রায় দেড় কোটি মানুষের বসবাস। এর মধ্যে ডিএনসিসির ১৩টি এলাকায় প্রায় ২৫ লাখ মানুষ বসবাস করেন। এত বিপুলসংখ্যক মানুষের ব্যবস্থাপনা করা অত্যন্ত কঠিন কাজ। তবে ডিএনসিসি প্রশাসন দক্ষতার সঙ্গে এ চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
ববি হাজ্জাজ আরও বলেন, ডিএনসিসি এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও ডেঙ্গুবাহী মশার উপদ্রব নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। বিশেষ করে ডিএনসিসির প্রশাসক ও তাঁর দলের মাঠপর্যায়ে কাজ করার উদ্যোগ প্রশংসনীয়।
তিনি বলেন, অতীতে মেয়র বা প্রশাসকদের এভাবে এলাকাভিত্তিক কার্যক্রমে সরাসরি অংশ নিতে খুব একটা দেখা যায়নি। বর্তমান প্রশাসনের মাঠপর্যায়ের তৎপরতায় নগরবাসীর দুর্ভোগ ক্রমান্বয়ে কমে আসছে।
প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু ও মশার উপদ্রব প্রতিরোধে নিজেদের বাড়িঘর এবং আশপাশ পরিষ্কার রাখতে হবে।
এ সময় ‘শনিবারের অঙ্গীকার, বাসাবাড়ি রাখি পরিষ্কার’ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। এ ছাড়া ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ