ঢাকার চারপাশের নৌপথ চালু করতে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানী ঢাকার চারপাশের নৌপথ সচল করা নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব যাচাই-বাছাই করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা বজায় রাখা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ ছাড়া নদীর তীরবর্তী এলাকায় নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা