মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
১. বিমান দুর্ঘটনায় নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ
২. আহতদের সঠিক তালিকা প্রকাশ
৩. শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান
৫. ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমানের ব্যবহার বাতিল
৬. প্রশিক্ষণ পদ্ধতিতে সংস্কার আনা
তবে দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই উত্তেজনা দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে। তারা "ভুয়া ভুয়া" ও "We want justice" স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে জুতা ও প্লাস্টিক বোতল ছুড়ে মারেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের ৫ নম্বর ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এ প্রতিবেদন লেখার সময় (দুপুর ১২টা ৫০ মিনিট) পর্যন্ত কলেজ ভবনের ভেতরে দুইজন উপদেষ্টা আটকা পড়ে ছিলেন।
এর আগে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজের সামনের গোলচত্বরে জড়ো হতে শুরু করেন। বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় তারা এই ছয় দফা দাবি উত্থাপন করেন। আন্দোলনকারীরা ঘোষণা দেন, দুপুর সাড়ে ১২টার মধ্যে যদি সরকারের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে দেখা না করেন, তবে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা অবরোধ করবেন।
ভোরের আকাশ//হ.র