বাংলাদেশ-লিথুয়ানিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ লিথুয়ানিয়া। বিশেষ করে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে সহযোগিতা বাড়াতে চায় দেশটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস।
বৈঠকে ফজলুল হক লিথুয়ানিয়ার বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। তিনি বলেন, ভিসা নিতে অন্য দেশে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করা বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য কষ্টসাধ্য।
এ সময় লিথুয়ানিয়ার উন্নত প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন এফবিসিসিআই প্রশাসক।
লিথুয়ানিয়ার ভাইস মিনিস্টার জানান, ইউরোপের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাজার সম্প্রসারণে কাজ করছে দেশটি। বাংলাদেশকে এ অঞ্চলের কৌশলগত বাণিজ্যিক হাব হিসেবে ব্যবহারের আগ্রহও প্রকাশ করেন তিনি।
ভিসা জটিলতা কমাতে ঢাকায় ভিসা সেবাকেন্দ্র চালু কিংবা শেনজেনভুক্ত অন্য দেশের কনস্যুলেটের মাধ্যমে সেবা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
এ ছাড়া আগামী বছর লিথুয়ানিয়ায় অনুষ্ঠিতব্য ‘ডিজিটেক সামিট’ ও ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশ নিতে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানান ভিডমান্টাস ভার্বিকাস। বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র