দেশ ও প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করতে হবে

দেশ ও প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রকল্পের কাজের গুণগতমান শতভাগ নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে গুরুত্বারোপ করলেন বিএডিসি'র চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম।
৯ জুন ২০২৬ তারিখে সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত প্রকল্প ব্যবস্থাপনা, সরকারি ক্রয় ব্যবস্থাপনা ও নথি ব্যবস্থাপনা প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রকল্প পরিচালকদের উদ্দেশ্যে এই নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষন কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ সংস্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিএডিসি'র চেয়ারম্যান বলেন, কোন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম পূর্বশর্ত হল উত্তম পরিকল্পনা। এজন্য প্রতি অর্থবছরে যেসব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে তা সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণপূর্বক অর্থবছরের শুরুতেই সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে। একইসঙ্গে আর্থিক শৃঙ্খলা পরিপূর্ণভাবে অনুসরণ করে প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থের অপচয় অপব্যয় না করে স্বচ্ছ ও দায়বদ্ধতার সাথে ব্যয় নিশ্চিত করার ক্ষেত্রে প্রকল্প পরিচালকদের সতর্ক ও উদ্দ্যোগী হতে হবে।
শুধু তাই নয়, যেকোন কার্যক্রম বাস্তবায়নে প্রকল্প পরিচালক এবং সংশ্লিষ্ট ঠিকাদারের (উন্নয়ন সহযোগী) মধ্যে চুক্তি সম্পাদন হওয়ার পর চুক্তিতে বর্ণিত নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যক্রম সমাপ্তকল্পে ঠিকাদারের কাছ থেকে শুরুতেই এর কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। একইসঙ্গে নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কার্যক্রমের গুণগতমান নিশ্চিতকল্পে সুনিবিড়ভাবে তদারকি অব্যাহত রাখতে হবে।
এছাড়া প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে প্রকল্পের ডিপিপি এবং পিপিআরসহ অন্যান্য আর্থিক শৃঙ্খলার উপর পরিনিত এবং সম্যক জ্ঞান প্রকল্প পরিচালকদের থাকতে হবে। খেয়াল খুশির বশে প্রকল্পের সুফল ও উন্নয়ন পরিপন্থী কোন পদক্ষেপ কোনক্রমেই গ্রহণ করা যাবে না। সরকারের গৃহীত কৌশল ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য ও বিএডিসি'র চেয়ারম্যান প্রশিক্ষণ কর্মসূচিতে গুরুত্বারোপ করেন।
ভোরের আকাশ/এনএস