স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও জুয়া নিয়ন্ত্রণসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। মাদকবিরোধী জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ছাড়া কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ ছাড়াই গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
পরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন কমিটির সামনে উপস্থাপন করা হয়।
বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর বাজেট খাতওয়ারী বিভাজন ও ব্যয় পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট ৩১ হাজার ৯৯ কোটি টাকা প্রস্তাবিত বাজেট রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল ও অপরাধ দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে এসব কার্যক্রমে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ, এমপি; এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি; জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, এমপি; জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি; মো. কামরুজ্জামান, এমপি; মো. মনোয়ার হোসেন, এমপি; শিরীন সুলতানা, এমপি; মো. নুরুল ইসলাম, এমপি এবং মো. আব্দুল বাতেন, এমপি অংশ নেন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ