পরিবর্তন হচ্ছে র্যাবের নাম

অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বাহিনীটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (SIF)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার অনুমোদনের পর থেকেই ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নাম কার্যকর হচ্ছে। প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন পরিচয়ে কার্যক্রম শুরু হবে। বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে এবং আগামী সপ্তাহ থেকেই সদস্যদের নতুন ইউনিফর্মে দেখা যেতে পারে।
তিনি বলেন, দেড় বছরে র্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে। অনেকে আশাবাদী ছিলেন র্যাবের নাম পরিবর্তন করা হবে, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিআইবি তাদের কনসার্ন জানিয়েছে। এখন পুলিশের মনোবল, কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। সুতরাং নির্বাচনে কোনো ধরনের অসুবিধা হবে না।
তিনি বলেন, আল্লাহ চাইলে খুব ভালোভাবে নির্বাচন হবে, এ ক্ষেত্রে কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর হবে।
ভোরের আকাশ/এনএস