বগুড়ার উন্নয়নে একাধিক মেগা প্রকল্পের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী

বগুড়ার উন্নয়নে বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিমানবন্দর, নতুন রেলপথ ও মহাসড়ক উন্নয়নসহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বগুড়া সফরকে ঘিরে গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় ভাড়ায় ইট এনে কাঁচা সড়কে বিছানোর ঘটনায় ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই সাময়িকভাবে ওই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
শুক্রবার (১২জুন) বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শহরের কোলাহলমুক্ত পরিবেশে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়টিতে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ-সংক্রান্ত প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, বগুড়াকে উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দরটিতে পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান, কার্গো সুবিধা, বিমানঘাঁটি এবং যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
যোগাযোগ খাতের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য ইতোমধ্যে ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বগুড়া শহরের রেললাইন স্থানান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বলেন, রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে গাবতলীতে চার লেনের বাইপাস সড়ক নির্মাণ এবং বগুড়া-নওগাঁ ও মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাগবাড়ি এলাকায় ভাড়ায় ইট এনে কাঁচা সড়কে বিছানোর ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সড়কটি আগে থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত ছিল। প্রধানমন্ত্রীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সাময়িকভাবে সেখানে ইট বিছানো হয়েছিল। বর্তমানে ইট সরিয়ে স্থায়ী নির্মাণকাজ শুরু হয়েছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। কাঁচা সড়কে নিরাপদ চলাচলের সুবিধা নিশ্চিত করতেই অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছিল।
নগর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া শহরের উন্নয়নের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ভাঙচুর করা হবে না। নগরবাসীর স্বার্থ বিবেচনায় রেখে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদানের ও ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
গণমাধ্যম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যম বর্তমানে অবাধ স্বাধীনতা ভোগ করছে। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের আস্থা ধরে রাখতে হবে।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কলাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব