নেপালে আটকে পড়া ফুটবল দল ও সাংবাদিকদের দেশে প্রত্যাবর্তন

নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকরা অবশেষে দেশে ফিরছে।
বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় দুপুর আড়াইটায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দলটি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর থেকে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।
উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটে বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়।
সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলীমুল আমীন বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি পৌঁছার পর প্রেস ব্রিফিং করেন। এ সময়ের সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোন প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ।
ভোরের আকাশ/জাআ