খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দূর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। এই ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন। তিনি বিষয়টি দেখাশোনা করছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন।
তিনি বলেন, কিছু সস্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার।
দূর্গাপূজা নিয়ে তিনি আরও বলেন, গতকাল থেকে আমাদের বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। এই উৎসবের সময় কেউ যেন কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না করে। রাস্তা বন্ধ না করে। পূজা যেন নির্বিঘ্নে আয়োজিত হয় এজন্য সবাইকে সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
পাহাড়ে আটকে পড়া পর্যটকদের কীভাবে ফিরিয়ে আনা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে।
এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/তা.কা