ব্রুনাইয়ে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যেভাবে

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ব্রুনাইয়ে নতুন করে ৩৭০ জন পুরুষ কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের দেশটিতে পাঠানো হবে। ব্রুনাইয়ের ১৯টি প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোয়েসেল গত ২২ নভেম্বর এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সংস্থাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে https://www.oep.gov.bd/job-circulars ঠিকানায়।
কোন কোন পদে নিয়োগ, বেতন ও যোগ্যতা কত?
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে কর্মী নেওয়া হবে।
নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী, অধিকাংশ পদে কর্মীরা দৈনিক ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার মজুরি পাবেন। তবে যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৬৫০ ডলার।
পদভেদে প্রার্থীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রাথমিক, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ।
পাশাপাশি, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগকর্তারা ইংরেজি ও মালয় ভাষায় পারদর্শী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দিতে পারেন।
চাকরির মেয়াদ, সুবিধা ও আর্থিক লেনদেন
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের সঙ্গে দুই বছরের শ্রম চুক্তি হবে, যা পরবর্তীতে নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত থাকবে এবং ওভারটাইম, চিকিৎসা, বীমা ও ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী কার্যকর হবে।
সংশ্লিষ্ট কোম্পানি কর্মীদের বিমান ভাড়া ও আবাসন খরচ বহন করলেও খাবারের খরচ কর্মীকে নিজের বহন করতে হবে।
আবেদন প্রক্রিয়ায় প্রার্থীদের ১০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ অফেরতযোগ্য ফি পরিশোধ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিতদের মধ্যে দক্ষ কর্মীদের ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে।
সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ বরাবর এই পে-অর্ডার করে মূল কপি জমা দিতে হবে। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও দেশে মেডিক্যাল পরীক্ষার খরচও প্রার্থীকে বহন করতে হবে।
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান
নিয়োগ কার্যক্রম ঘিরে সম্ভাব্য প্রতারণা এড়াতে প্রার্থীদের সতর্ক করেছে বোয়েসেল। সংস্থাটি জানিয়েছে, সাক্ষাৎকারের সময়সূচি ও নির্বাচিতদের তালিকা কেবল বোয়েসেলের ওয়েবসাইট (boesl.gov.bd)-এর নোটিশ বোর্ড এবং অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পাশাপাশি ‘BOESL’ লেখা পোর্টাল অথবা 01552146456 নম্বর থেকে এসএমএস পাঠানো হবে।
বোয়েসেল স্পষ্ট করেছে যে তারা কোনো নগদ অর্থ নেয় না এবং দেশের কোথাও সংস্থাটির কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা শাখা কার্যালয় নেই। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগসংক্রান্ত জরুরি তথ্যের জন্য 01765-411653 নম্বরে এবং ওইপি-সংক্রান্ত হটলাইনে (09618884271) যোগাযোগ করা যাবে।
ভোরের আকাশ/জেআ