তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন বুদ্ধিজীবী কবরস্থানে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার সকালে লন্ডন থেকে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। দেশে আনার পর মরদেহ প্রথমে তার বাসায় নেওয়া হবে। সেখানে পরিবারের সদস্য ও স্বজনেরা শেষবারের মতো তাকে দেখার সুযোগ পাবেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে রাখা হবে। এ সময় বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বিকেল ৩টায় একই স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এর আগে ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
লন্ডনে অনুষ্ঠিত জানাজায় পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণা করেন তার ছেলে ও বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী। তিনি বলেন, পেশাগত জীবনে তার বাবার কিছু আদর্শ ছিল, যার সঙ্গে তিনি কখনো আপস করতে চাননি। তার বিশ্বাস ছিল, সাংবাদিকতা হতে হবে সৎ, নির্ভীক ও স্বাধীন। সাংবাদিকতা তার কাছে কেবল একটি পেশা ছিল না; বরং এটি ছিল দায়িত্ব ও ভালোবাসার জায়গা।
রাদ শারার খালিদী আরও বলেন, এই দায়িত্ব পালন করতে গিয়ে তার বাবাকে জীবনের বিভিন্ন সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেই সময়গুলোতে যারা পাশে ছিলেন, তাদের ভালোবাসা, সাহস ও সমর্থনের জন্য পরিবারের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে রাদ বলেন, আল্লাহ যেন তার সব ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং তার ভালো কাজগুলো কবুল করেন।
উল্লেখ্য, ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে গত ১ অক্টোবর রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। পরে তাকে লন্ডনের সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন, ২ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ভোরের আকাশ/ এনউব