কাল থেকে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে এ মেলা শুরু হবে।
দেশের বিভিন্ন প্রান্তের পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামি সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে এ বইমেলা পরিণত হবে জ্ঞানচর্চা ও ইসলামি সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত এবারের বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামি বইয়ের প্রকাশকসহ ২০৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিভিন্ন ইসলামি প্রকাশনা সংস্থা মেলায় তাদের প্রকাশিত গ্রন্থ প্রদর্শন ও বিক্রয় করবে।
মেলায় পবিত্র কুরআন, হাদিস, সিরাত, ইসলামি দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য, শিশু-কিশোরদের উপযোগী ইসলামি গ্রন্থসহ বিভিন্ন বিষয়ে বিপুলসংখ্যক বই পাওয়া যাবে। ফলে ইসলামি জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকরা একই স্থানে বিভিন্ন প্রকাশকের বই সংগ্রহের সুযোগ পাবেন।
ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, এ বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে।
বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে পবিত্র কুরআন, হাদিস, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে বইমেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বইমেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং বিপুলসংখ্যক ইসলামি গ্রন্থের সমাহারের কারণে ব্যাপক জনসমাগম হবে বলে আশা করছে ইসলামিক ফাউন্ডেশন। বইমেলাটি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম