প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব
কূটনৈতিক মিশনে রাষ্ট্রপতির ছবি সরানোর কোনো লিখিত নির্দেশ নেই: উপপ্রেস সচিব

বিদেশে বাংলাদেশি কূটনৈতিক মিশন ও কনস্যুলেট থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনা জারি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, সরকারি দপ্তরে পোট্রেট ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করছে এবং অলিখিতভাবে ‘জিরো পোট্রেট নীতি’ অনুসরণ করছে।
উপপ্রেস সচিব লিখেছেন, “সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি ব্যবহার না করার বিষয়টি শুরু থেকেই প্রচলিত ছিল। তবে কেউ কেউ নিজ উদ্যোগে ছবি ব্যবহার করেছিলেন। সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি। তারপরও বিষয়টি নিয়ে অযথা বাজার গরম করা হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের সময়সূচি ঘোষণা হওয়ার পর রাজনীতি নিয়ে অযথা জটিলতা তৈরির সুযোগ কমে এসেছে। তাই ছোটখাটো বিষয়কে বড় করে উপস্থাপন করা হচ্ছে।
ভোরের আকাশ//হ.র