বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলনে যোগ দেন তিনি।
জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এবার পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’।
আয়োজকরা জানিয়েছেন, এবারের এই বৃহৎ সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন।
সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
তিন দিনব্যাপী এই সম্মেলনে ভূ-রাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও কানেক্টিভিটি, জলবায়ু পরিবর্তন, মানব নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ভোরের আকাশ/ইউএম