১২ দফা দাবিতে সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের অবস্থান

ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বানে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পুরাতন পল্টন মোড়ে সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা সচিবালয়ের সামনে পৌঁছান। এ সময় সচিবালয়ের গেটের সামনে পুলিশ সদস্যদের অবস্থান ও ব্যারিকেড দেখা যায়।
শ্রমিকদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন, যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স প্রদান, রিকশা আটক ও শ্রমিকদের হয়রানি বন্ধ, জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন এবং শ্রমিকদের জন্য রেশনব্যবস্থা চালু করা।
এর আগে পুরাতন পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেওয়া যাবে না। তাদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে। সমাবেশ থেকে ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য রাগীব মুন্না বলেন, ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের জীবিকা ও অধিকার রক্ষায় ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। ধনী ও সম্পদশালীদের স্বার্থে আইন তৈরি করে রিকশা শ্রমিকসহ দরিদ্র মানুষের জীবিকা বিপন্ন করা যাবে না। শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ দেশের রিকশা শ্রমিকদের অবদান রয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও প্রায় ৪০ জন রিকশা শ্রমিকের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। রক্তের বিনিময়ে অর্জিত দেশে শ্রমিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।
রাগীব মুন্না বলেন, সংবিধান অনুযায়ী একজন রিকশা শ্রমিকের অধিকার একজন ধনী, শাসক বা সম্পদের মালিকের অধিকারের সমান। প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ শ্রমিকদের জীবিকার ব্যবস্থা না করে তাদের কর্মসংস্থানের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে।
নিজেদের জীবনসংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, অর্থনৈতিক দুরবস্থার কারণে অনেকে গ্রামের শিকড় ছেড়ে শহরে এসে বস্তিতে আশ্রয় নিয়েছেন। কাজের ব্যবস্থা না হওয়ায় কেউ কেউ জমিজমা বিক্রি করে রিকশা কিনে জীবিকার সন্ধানে রাস্তায় নেমেছেন। কিন্তু তাদের যানবাহন আটক, নির্যাতন ও কারাবন্দি করা হচ্ছে। এভাবে শ্রমিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা অন্যায় কিছু চাই না, আমরা কাজ চাই, আমরা বাঁচতে চাই। শাসকগোষ্ঠী মালিক ও ধনীদের স্বার্থ রক্ষা করবে আর গরিবের পেটে লাথি মারবে, তা হতে দেওয়া হবে না।’
হকার ও গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে রাগীব মুন্না বলেন, শুধু রিকশা শ্রমিক নন, হকার ও গার্মেন্টস শ্রমিকেরাও নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন করছেন। যাদের শ্রমে দেশের অর্থনীতি সচল থাকে, তাদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমন অন্যায় ব্যবস্থার ওপর ভিত্তি করে দেশ চলতে পারে না বলেও মন্তব্য করেন এই শ্রমিক নেতা।
১২ দফা দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘মাথাব্যথা হয়েছে বলে মাথা কেটে ফেলার মতো কোনো অন্যায্য নীতি বা আইন বাংলাদেশে চলবে না। মাথাব্যথার জন্য ওষুধ প্রয়োজন, সমস্যার কার্যকর সমাধান করতে হবে।’
দেশ থেকে অর্থ পাচার ও ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শ্রমিকদের রিকশা আটকানোকে চরম অন্যায় বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে অন্য বক্তারা অভিযোগ করেন, শ্রমিকদের আন্দোলন দমনে সরকার ষড়যন্ত্র করছে। ব্যাটারিচালিত যানবাহন নিয়ে করা অবৈধ ও অযৌক্তিক নিয়ম শ্রমিক ও মালিকেরা মেনে নেবেন না। এসব নিয়ম প্রত্যাহার করে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দেওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতিতে শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়ছে। গার্মেন্টস ও হকারদের পর রিকশা শ্রমিকদের জীবিকাও সংকটের মুখে। শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেওয়া উচিত নয়।
সমাবেশ শেষে ১২ দফা দাবি বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।
ভোরের আকাশ/জেআ