যুব উন্নয়নের প্রশ্নফাঁসের অভিযোগ : পরীক্ষা স্থগিতে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় অধিদপ্তর। এতে ক্ষোভ প্রকাশ করে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা।
শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন দেশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসা প্রার্থীরা। এ সময় কোথাও কোথাও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলও করেন তারা।
রাজধানীর মতিঝিল বালিকা উচ্চবিদ্যালয়, কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয়, বাংলা কলেজ, খিলগাঁও মডেল কলেজ ও শাপলা চত্বর এলাকার কেন্দ্রগুলো ঘুরে পরীক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তারা প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তি এবং নিয়োগ পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারী পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষা স্থগিত হওয়ায় তারা চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ধারদেনা করে ঢাকায় এসেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষা দিতে এসে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের খবর পেয়ে তারা হতাশ হয়েছেন। এ পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও দাবি করেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও পরীক্ষার্থী রুমা রানা বলেন, লাখ লাখ চাকরিপ্রার্থীর মধ্যে অনেকেই ঢাকায় থাকেন না। জেলা শহর থেকে ধারদেনা করে, সারা রাত ভ্রমণ করে তারা পরীক্ষা দিতে ঢাকায় আসেন। পরীক্ষা শেষ করেই আবার বাড়ির পথে রওনা হওয়ার কথা ছিল তাদের। কিন্তু শেষ মুহূর্তে প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিতের খবর শুনতে হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক শ্রম, আর্থিক ক্ষতি ও ভেঙে যাওয়া স্বপ্নের দায় কে নেবে? রাষ্ট্র কেন এখনো প্রশ্নফাঁস চক্রের লাগাম টানতে পারছে না? লাখ লাখ তরুণের ভবিষ্যৎ নিয়ে এভাবে আর কত দিন চলবে? প্রশ্নফাঁস মহামারি আকার ধারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিক্ষোভকারীরা প্রশ্নফাঁসের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রেজওয়ান ইসলাম বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার্থীরা মতিঝিল শাপলা চত্বরে আন্দোলন করছেন। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
প্রসঙ্গত, শনিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ১১তম গ্রেডের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
ভোরের আকাশ/সু.পা