বিপিএ নবনির্বাচিত কমিটির স্মৃতিসৌধ, জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসকদের দেশীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিত্বকারী পেশাজীবী সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) নবনির্বাচিত নবম কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে মঙ্গলবার(২১ জুলাই) মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় নেতৃবৃন্দের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধ, সাভার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়, পরবর্তী সময়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন বিপিএ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আনোয়ার হোসেন, পিএইচডি, সাধারণ সম্পাদক ড. ফিরোজ কবির, পিএইচডিসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য ও বিপিএ সাধারণ সদস্যবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, পিএইচডি বলেন ‘মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান রাখা জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের নৈতিক দায়িত্ব। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফিজিওথেরাপি পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দেশের মানুষের জন্য মানসম্মত, বৈজ্ঞানিক ও সবার জন্য সহজলভ্য ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করতে এবং পেশার মর্যাদা ও আন্তর্জাতিক মান উন্নয়ন এবং দ্রুত প্রাক্টিশনার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নসহ রিহ্যাবিলিটেশন সেবা প্রতিষ্ঠান অনুমোদন প্রক্রিয়া চালু করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. ফিরোজ কবির পিএইচডি বলেন ‘জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন আমাদের ইতিহাস, দেশপ্রেম ও জাতীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক, ফিজিওথেরাপি এমন একটি স্বাস্থ্যসেবা পেশা যার মূল লক্ষ্য মানুষের কর্মক্ষমতা পুনরুদ্ধার প্রতিবন্ধিতা হ্রাস এবং জীবনমান উন্নয়ন।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ পেশাজীবীদের অধিকার সংরক্ষণ,পেশার আইনগত স্বীকৃতির কার্যকর বাস্তবায়ন, দক্ষ ফিজিওথেরাপিস্ট তৈরি এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করবে ‘উল্লেখ্য, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)-এর নবম কার্যনির্বাহী পরিষদ সম্প্রতি সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে, নবনির্বাচিত পরিষদ আগামী মেয়াদে ফিজিওথেরাপি পেশার উন্নয়ন, পেশাগত অধিকার প্রতিষ্ঠা, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিনিধিত্ব জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে।
ভোরের আকাশ/এনউব