৬ সিটি করপোরেশনের প্রশাসকদের যেসব নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক আবদুস সালাম।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ৬টি সিটি করপোরেশনের প্রশাসকরা দেখা করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে ডিএসসিসির নতুন প্রশাসক আবদুস সালাম বিষয়টি সাংবাদিকদের জানান।
ডিএসসিসির নতুন প্রশাসক বলেন, ১৭ বছর পরে ফ্যাসিবাদমুক্ত হওয়ায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘদিন ধরে এই লোকাল গভর্মেন্ট বলা চলে অকার্যকর ছিল। তারা সবকিছু দলীয়করণ করেছিল এবং নির্বাচন কোথাও ছিল না। যেমনি জাতীয় নির্বাচন ছিল না, তেমনি স্থানীয় সরকারগুলো নির্বাচনের নামে তারা দখল করেছিল।
তিনি বলেন, আজকে আমাদের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মন্ত্রীর কাছ থেকে আজকে আমরা দায়িত্ব বুঝে নিয়েছি। বুঝে নেওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে আমাদের কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদেরকে বলে কিছু নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো জানিয়ে তিনি আরও বলেন, জনগণের যেসব অধিকার বঞ্চিত আছে, সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া, মশা নিধন করা, ক্লিনিং সিটি সমস্যা এবং নাগরিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন। আমাদেরকে বলেছেন, যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
ভোরের আকাশ/এসএইচ