ঢাকায় ভারতের হাইকমিশনারের কূটনৈতিক বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের শুরুতে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
উল্লেখ্য, গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের প্রায় এক মাস পর তিনি পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ পাচ্ছেন।
এর আগে গত এপ্রিলে ভারত সরকার সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে ঢাকায় পাঠায় ভারত। নতুন দায়িত্ব পালনের জন্য তিনি গত ৫ জুন পশ্চিমবঙ্গ হয়ে স্থলপথে বাংলাদেশে আসেন।
দায়িত্ব গ্রহণের পর তাঁর আগমনের ২৩ দিনের মাথায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পুনরায় পর্যটন ভিসা প্রদান শুরু করে। প্রায় দুই বছর বন্ধ থাকার পর এই সেবা চালু হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ভ্রমণ সহজ হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
ভোরের আকাশ/জেআ