চব্বিশের জুলাইয়ে দেয়ালগুলোও প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মানুষ বলে দেয়ালেরও কান আছে কিন্তু, চব্বিশের জুলাইয়ে দেয়ালগুলোও প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতিগুলো ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে।
শুক্রবার ঢাকার মেট্রো রেলের পিলারে আঁকা গ্রাফিতির আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
এসময় ১৬ বছরের আওয়ামী স্বৈরশাসনের সকল নিপীড়ন, জনগণের টানা প্রতিরোধ এবং শেখ হাসিনার পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই আর্ট ওয়ার্কের মূল উদ্দেশ্য ছিল মানুষের শোষণ ও নিপীড়নের চিত্র তুলে ধরা। এই গ্রাফিতিগুলো আমাদেরকে আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো এবং জনগণের সাহসী প্রতিরোধের ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেবে। ভবিষ্যতে এ দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে এসব গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/জাআ