প্রবাসীদের সুখবর দিল ইসি

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার একটি কার্যকর প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক যুক্ত ব্যালট কাগজ আগেই বিদেশে অবস্থানরত ভোটারদের কাছে পাঠানো হবে, যাতে তারা নির্ধারিত সময়ের মধ্যেই ডাকযোগে ভোট দিতে পারেন।
এই প্রসঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ভোটদানে আগ্রহী প্রবাসীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বর মাস থেকেই বিদেশি ভোটারদের সচেতন করতে প্রচার শুরু হবে।
তিনি আরও জানান, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছর বয়স পূর্ণ করবেন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ভোটের তফসিল ঘোষণা করতে পারে বলে তিনি জানান।
এর আগে, আজ সকালে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
নির্বাচন কমিশনের এই উদ্যোগ দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবির প্রেক্ষিতে গৃহীত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অনেকে একে প্রবাসী ভোটারদের জন্য যুগান্তকারী পরিবর্তন হিসেবে উল্লেখ করছেন।
ভোরের আকাশ/হ.র