লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক শুক্রবার

লন্ডনে সাক্ষাতে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী শুক্রবার (১৩ জুন) লন্ডনের একটি অভিজাত হোটেলে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার (৯ জুন) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি দুই নেতার মধ্যে কিছু সময়ের জন্য একান্ত কথোপকথনেরও সুযোগ থাকবে বলে জানা গেছে।
এর আগে, চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. মুহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। স্থানীয় সময় মধ্যরাতে তার লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে ড. ইউনূস বাকিংহাম প্যালেসে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। তার সম্মানে আয়োজিত রাজকীয় ভোজসভায় বৃটেনের রাজনীতি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।
এছাড়াও, বৃটেনের স্পিকার, প্রধানমন্ত্রী ও একাধিক মন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ড. ইউনূস অংশ নেবেন ব্রিটেনের নীতি-গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত একটি সংলাপেও।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের ভূমিকা, পাচার হওয়া অর্থ ফেরত আনা ইত্যাদি বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
সফর শেষে আগামী শনিবার (১৪ জুন) ড. ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে।
ভোরের আকাশ।।হ.র